← Back
💡 Misc

লীলাবালি লীলাবালি, 'বড় যুবতী' সই গো

2 min read

ছোটবেলায় আমার প্রচুর গান শোনা হয়েছে। বেশিরভাগ গানই যে খুব মনযোগ দিয়ে শোনা এমন না। ফলে গানের কিছু কিছু শব্দ আমি কি কারনে যেন ভুল শুনতাম আর সেই ভুলগুলোই আমার মনে গেথে থাকতো/আছে। সুর ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে গানের কথার মিল নাই। এই ধরা যাক 'কফি হাউজের' গানটা, জীবনে এতবার শুনেছি। এখনও বললে অন্তত ৫ টা শব্দ ভুল বলবো। ভুলগুলো ধরতে পেরেছি পরে, তারপরও গুনগুন করতে ধরলে আগের সেই ভুল শব্দই চলে আসে। ইদানিং সেই সব ভুল করার জন্য বেজায় লজ্জাও পাই বটে। একে তো বেসুরা গলা তার মধ্যে কে জানে সেই ভুল শব্দগুলো কতজনের সামনে বলে ফেলেছি!

আজ আরেকটি ভুল খুঁজে পাওয়া গেলো। 'লীলাবালি লীলাবালি' গানটি বিয়ের গীত হিসেবে বেশ প্রচলিত। গানটির প্রথম অন্তরা —

লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কী দিয়া সাজাইমু তোরে?


সিনেমাতে এইটা 'বড় যুবতী' হিসেবে গাওয়া হয়েছে। কিন্তু আমি 'বড় যুবতী' শব্দযুগলকে এতদিন 'ভরা যুবতী' মনে করতাম। এটা আমার শোনার ভুল ছিলো। আচ্ছা এটা কি 'বড় যুবতী' হবে? এ রকম একটি কথা বলার অর্থ কী? 'যুবক-যুবতী' শুনেছি, বড়/ছোট যুবতী তো কোথাও কখনও শুনি নি। অবশ্য গান বা কবিতায় এ রকম বিষয় প্রায়ই পাওয়া যায়, যে শব্দগুলি বা বাক্যটি আমার কাছে দুর্বোধ্য বা খাপছাড়া লাগছে, লেখক হয়তো সেটাকে গভীর কোন অর্থে ব্যবহার করেছেন। ভালো পাঠকরা সেটা ধরেও ফেলেছে। আমি নিতান্তই একজন খারাপ পাঠক, সে হিসেবে না বোঝাটা আমার ত্রুটি মনে করে মেনে নেই।

সে যাই হোক, হুমায়ূন আহমেদের 'কাঠপেন্সিল' বইটি পড়তে গিয়ে দেখলাম শব্দটি 'বড় যুবতী' বা 'ভরা যুবতী' কোনটাই নয়। আসল শব্দটা হলো 'বর অযুবাতি' যার অর্থ— বর আসছে, The groom is coming; এ প্রসঙ্গে তিনি লিখেছেন:

আমার ভুলের কারণে এখন অন্যরাও ভুল করছেন। শেষে দেখা যাবে ভুলটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আদি ভুলের জন্যে ক্ষমা প্রার্থনা করছি।


তবে তিনি 'বর অযুবাতি' শব্দটিই যে সঠিক সেটা পরে কোথা থেকে কিভাবে জেনেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেন নি।

আসলে শব্দ দুটো কী? বাংলাদেশের লোকগানের এ রকম অনেক পরিবর্তন লক্ষ করা যায়, কেউ এক সুরে গাইছে, তো কেউ অন্য সুরে। আবার কেউ দুটো লাইন পরিবর্তন করে দিয়েছে। বিশেষ করে যে গানগুলো কোন স্বত্ব, সিগনেচার, নথিপত্র কিংবা কে লিখেছে, কে সুর করেছে এই সম্পর্কিত তথ্য বিলীন হয়ে গেছে, সেগুলোতে এমন ঘটনা বেশি ঘটতে দেখা যায়। লীলাবালি লীলাবালি গানটাও হয়তো এমন একটি গান।